Published : 03 May 2026, 11:27 PM
রাজধানীর মোহাম্মদপুর থেকে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ।
রোববার ভোরে মো. সেলিম (৩৪) নামের ওই মাছ ব্যবসায়ীকে ঢাকা উদ্যান এলাকার বেড়িবাঁধ থেকে অপহরণ করা হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সেলিমের স্ত্রী শানু বেগম অভিযোগ দিয়েছেন।
তার পরিবারের এক সদস্য বলেছেন, অপহরণকারীরা তাদের কাছে ২০ হাজার টাকা ‘মুক্তিপণ’ চেয়েছে।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা কাজ করছে।
“আশা করা যায় অল্পসময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে।”

সেলিমের বাসা মোহাম্মদপুর হাউজিং লিমিটেডে। তিনি গাবতলী মাছের আড়ত থেকে মাছ নিয়ে শিয়া মসজিদের পাশের বাজারে মাছ বিক্রি করেন।
সেলিমের ভাই আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৬টার দিকে গাবতলী যাওয়ার সময় বেড়িবাঁধে একটি মাইক্রোবাসে সেলিমকে তুলে নিতে দেখে অপর এক মাছ খবর দেন। এসময় তার কাছে ৫০ হাজার টাকার মতো ছিল।
তিনি বলেন, সাদা পোশাকে পুলিশ নিয়ে গেছে মনে করে তারা থানায় এবং পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি অফিসে খোঁজ নেন তারা।
“কিন্তু পুলিশ তাকে নিয়ে যায়নি বলে দুপুরে নিশ্চিত হই।"
আমির বলেন, “দুপুরের পর থেকে আমার এবং সেলিমের স্ত্রীর নম্বরে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করতে থাকে অপহরণকারীরা। পরে জেনেছি তার ভাইয়ের মতো আরো দুইজনকে অপহরণ করে নিয়ে গেছে তারা। তাদের একজনকে ২০ হাজার টাকা দিয়ে রাতে ছাড়িয়ে এনেছে।”
পুলিশ কর্মকর্তা মামুন রাত ১০টার পর বলেন, থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ এ নিয়ে কাজ করছে।
“অপহৃত একজন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে, এটা আমরা শুনেছি। সেই সূত্রে একটা ‘ক্লু’ পাওয়া গেছে। কাজ চলছে।”