সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই রাহাত কারাগারে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।
জুলাই আন্দোলনে রামপুরায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই খন্দকার রাহাত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রামপুরা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. মোকছেদুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই বাচ্চু মিয়া তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাহাতের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। জামিন শুনানি হবে নথি পাওয়ার পর।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাহাত হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রামপুরা থানার জহিরুল হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ডিবি পুলিশের দাবি, রাহাত আওয়ামী লীগের ‘কট্টরপন্থী’ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ‘আস্থাভাজন’ ব্যক্তি।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই দুপুর আড়াইটা দিকে রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। সেসময় বিক্ষোভকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে অনেকে আহত হওয়ার পাশাপাশি জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন।
আন্দোলনে সরকার পরিবর্তনের পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম রামপুরা থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
আরও পড়ুন-
