১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেপ্তার

ডিএমপি বলেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রয়েছে।

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেপ্তার
ডা. খন্দাকার রাহাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 07:16 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর ডিবি দাবি করেছে, তিনি আওয়ামী লীগের ‘কট্টরপন্থী’ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ‘আস্থাভাজন’ ব্যক্তি।

‘সরকারবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে রাহাত হোসেনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রয়েছে।

গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর ৬ নভেম্বর ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমুকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ১৪ অগাস্ট আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। গেল ২ মার্চ আমু, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবসহ তাদের ৪৪টি হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

এসব ব্যাংক হিসাবে ১৮ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৫৭৪ টাকা থাকার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ঝালকাঠিতে আমুর বাসভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

পরে তার ওই বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের তথ্য দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে আমু, তার মেয়ে ও কথিত এক শ্যালিকার বিরুদ্ধে ‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের আলাদা মামলা করার কথা জানিয়েছে দুদক।

গেল ২০ মার্চ তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দেয় সংস্থাটি।