১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুস্তাফা মনোয়ারের মৃত্যু শিল্প-সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

মুস্তাফা মনোয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 04:40 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার বঙ্গভবন থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন মুস্তাফা মনোয়ার । তার মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

“দেশিয় সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীলতা চর্চায় তার অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

দীর্ঘদিন নানা রোগে ভুগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান মুস্তাফা মনোয়ার। তার বয়স হয়েছিল ৯১ বছর।

চারুশিল্পী, নাট্যনির্দেশক, শিল্প গবেষক, বাংলাদেশে পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ- এমন বহু পরিচয়ে পরিচিত তিনি।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরের শ্রীপুরে নানার বাড়িতে মুস্তাফা মনোয়ারের জন্ম। ডাক নাম ছিল মন্টু। তার বাবা কবি গোলাম মোস্তফা। মুস্তফা মনোয়ারের পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে।