১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিসা নিয়ে কথিত কর্মকর্তার যোগাযোগ, সতর্ক করল ভারতীয় হাই কমিশন

“কোনো অর্থ প্রদান করবেন না। আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।”

ভিসা নিয়ে কথিত কর্মকর্তার যোগাযোগ, সতর্ক করল ভারতীয় হাই কমিশন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 04:38 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

ভিসা পাইয়ে দিতে আবেদনকারীদের কাছে হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতারকচক্রের যোগাযোগ নিয়ে সতর্কতার পরামর্শ দিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।

বৃহস্পতিবার হাই কমিশনের ফেইসবুক পাতায় এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, “ভারতীয় হাই কমিশন, ঢাকা এমন অভিযোগ পেয়েছে যে, হাই কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।”

সতর্কতার পরামর্শ দিয়ে হাই কমিশন বলেছে, “হাই কমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান করার প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবেন না। 

“সকল ভিসা আবেদনই নির্ধারিত কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়ে থাকে।”

এ ধরনের কোনো ফোন কল, মেসেজ বা প্রস্তাব পেলে কী করতে হবে, সে পরামর্শ দিয়ে হাই কমিশন বলেছে, “কোনো অর্থ প্রদান করবেন না। আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।”

ফোনকলকারীর ফোন নম্বর, স্ক্রিনশট অথবা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ ঘটনাটি অবিলম্বে ইমেইলে (visa.dhaka@mea.gov.in) ভারতীয় হাই কমিশনকে জানানোর পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

হাই কমিশন বলেছে, “অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ থেকে অন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করুন।”