১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন তিন নগরের মেয়র

তিন মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকার মন্ত্রীর কাছ থেকে।

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন তিন নগরের মেয়র

গাজীপুরের মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক এবং বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 01:47 PM

Updated : 03 Jul 2023, 01:46 PM

বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে বরিশালের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আবদুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুনকে একসঙ্গে শপথ পড়ান।

পরে একই স্থানে তিন সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ১৭৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান

জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন হয় ১২ জুন। বরিশালে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এবং খুলনায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হন।

বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পান ৩৩ হাজার ৮২৮ ভোট।

আর খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আবদুল খালেক পান ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল আউয়াল পান ৬০ হাজার ৬৪ ভোট।

Image

তিনি সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে (বাঁয়ে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

গত ৫ জুন গাজীপুর এবং ২০ জুন বরিশাল ও খুলনা সিটির নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়াতে হয়।

গত ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনেও ভোট হয়। সোমবার দুপুরে এ দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ হবে।