ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
“সে ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে,” বলেন ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম।
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ২৩ বছর বয়সি রেজাউল ইসলামকে গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ।
বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ধানমন্ডি মডেল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় একজন গ্রেপ্তার আছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দল তাকে ৫০ হাজার টাকায় ককটেলটি নিক্ষেপ করার জন্য ভাড়া করেছিল।”
তিনি বলেন, “আমাদের টিম তাকে নিয়ে এখন অভিযানে আছে।”
গ্রেপ্তার রেজাউলের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি তুলে ধরে ওসি বলেন, “সে ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে।”
পুলিশ দাবি করেছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বলেছেন, ১০-১২ দিন আগে নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেন।
সে অনুযায়ী, সোমবার রেজাউল ঘটনাস্থল রেকি করে যান। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন।
ওসি বলেন, ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
