২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘বাজানের মুখডাও দেহা যায় না’

হানিফ ফ্লাইওভারের ওপর গাড়ি চাপায় চূর্ণ-বিচূর্ণ হয়েছে এক ব্যক্তির মুখমণ্ডল।

‘বাজানের মুখডাও দেহা যায় না’

মেয়র হানিফ ফ্লাইওভার।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 05:38 PM

Updated : 04 Feb 2023, 05:55 PM

দুপুরেই ছেলে ফোন করে বলেছিল, ‘কাওরান বাজার আছি, বাসার দিকে আইতাছি’। রান্না শেষ করে অপেক্ষায় ছিলেন মা সাথী আক্তার। কিছুক্ষণ পরেই খবর পান ছেলে ‘অ্যাকসিডেন্ট’ করেছে। হাসপাতালে গিয়ে পেলেন এক লাশ, যার মুখই চেনা যাচ্ছিল না।

শনিবার দুপুরে রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর গাড়ি চাপায় নিহত হন ৩২ বছর বয়সী রাকিব হাসান। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর গাড়িটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। হেলমেট ভেঙে মাথাসহ মুখমণ্ডল চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ফ্লাইওভারের ওপর তার চুরমার হয়ে যাওয়া হেলমেট, ছড়িয়ে-ছিটিয়ে থাকা মগজ আর রক্তাক্ত দেহটি পড়ে ছিল বেশ কিছুক্ষণ।

যাত্রাবাড়ী থানার এসআই নূর মোহাম্মদ জানান, দুপুর সোয়া ২টার দিকে ফ্লাইওভারের ওপরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ির চাপায় মারা যান মোটরসাইকেল আরোহী রাকিব। তবে পুলিশ গাড়িটি শনাক্ত করতে পারেননি।

বিকাল ৪টার দিকে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন মা সাথী আক্তার। তিনি বলছিলেন, “আমারে ফোন দিয়া কইল ‘কাওরান বাজার আছি, বাসায় আইতাছি’। কিছুক্ষণ পরেই শুনি অ্যাকসিডেন্ট। আইয়া পাইলাম লাশ। আমার বাজানের মুখডাও দেহা যায় না।”

মাকে নিয়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন রাকিব। ঠিকাদারির পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।