খাল দখল করলে ব্যবস্থা নেওয়া হবে: এ্যানি
“কেউ ইচ্ছে করলে আবার এসে খাল দখল করতে পারবে না। তারপরেও এমন কিছু ঘটলে ডিসিরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
কেউ খাল দখল করলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা আগামী ৫ বছরে সমাপ্ত করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদীভাঙ্গন হলে দ্রুত কী ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।”
পানিসম্পদ মন্ত্রী বলেন, “খালের প্রবাহ ঠিক রেখে আমরা যখন কাজ করতে যাব, ওর মধ্যে কোনো দোকান পড়লে তা ভেঙে ফেলা হবে, বা মাছের ঘের বানিয়ে যদি খাল আবদ্ধ রাখে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
এ্যানি বলেন, “দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি গ্রহন করেছিলেন, তা একটা বিপ্লব ছিল। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তা নতুন আঙ্গিকে শুরু করেছেন।
“খাল হচ্ছে জনগণের সম্পত্তি। খাল যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা বড় করতে যাওয়ার সময় যদি কোনো দখলদার পড়ে, তাকে সরে যেতে হবে। কেউ ইচ্ছে করলে আবার এসে খাল দখল করতে পারবে না। তারপরেও এমন কিছু ঘটলে ডিসিরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ সময় উপস্থিত ছিলেন।
