Published : 27 Jul 2026, 04:25 PM
দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মত কোনো লক্ষণ নেই বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
তবে অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতার ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে দাবি তার।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সিটিটিসি প্রধান। সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা এবং সর্বশেষ মতিঝিলে একটি ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের পরিপ্রেক্ষিতে দেশে উগ্রবাদী তৎপরতা বাড়ছে কি না প্রশ্ন করা হয় তাকে।
জবাবে শামসুল হক বলেন, “এ মুহূর্তে সে ধরনের কোনো আশঙ্কাজনক পরিস্থিতি দেখছি না। আমরা অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য এবং আমাদের নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে উগ্রবাদী তৎপরতা নিয়মিত নজরদারি করছি। কোথাও কোনো তথ্য বা সংবাদ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে এখনই এমন কিছু বলার সুযোগ নেই। তবে দেশের মধ্যে আশঙ্কাজনক কোনো লক্ষণ আমরা দেখছি না।”
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে শামসুল হক বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করে। ঘটনাটি এখন পুলিশের মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
জঙ্গিবাদ সংক্রান্ত মামলার অগ্রগতি সম্পর্কে প্রশ্নে শামসুল হক বলেন, “গ্রেপ্তারের বিস্তারিত পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত ফাতা কমব্যাট মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরো কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”
সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় অভিযান আগের মত চলবে বলেও আশ্বস্ত করেন তিনি।