Published : 03 Jul 2026, 10:09 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে সৃষ্ট ‘নতুন বাস্তবতায়’ সময়োপযোগী আইনি সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তির অগ্রগতি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি নতুন ধরনের জটিলতাও সৃষ্টি করেছে।
“কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি, ভিডিও কিংবা তথ্যের সত্যতা যাচাই এবং এসব বিষয়ে আইনের অবস্থান এখন বিশ্বব্যাপী আলোচনার বিষয়। এ বাস্তবতায় প্রচলিত আইনকে দ্রুত সময়োপযোগী করে তোলার কোনো বিকল্প নেই।”
সমাজের দ্রুত রূপান্তরের সঙ্গে আইনে পরিবর্তনের গতির পার্থক্যের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, “বাস্তবে আইনি সংস্কারের গতি এখনো অনেক ধীর। এ ব্যবধান দূর করতে আইনজীবী, বিচারবিশারদ এবং গবেষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সাইবার আইন সংস্কারে সরকারের উদ্যোগের তথ্য দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “এ বিষয়ে গঠিত মন্ত্রিসভা কমিটিতে সদস্য হিসেবে আমি নিজেও দায়িত্ব পালন করছি। একটি আধুনিক, কার্যকর ও বাস্তবসম্মত আইনি কাঠামো প্রণয়নের লক্ষ্যে খুব শিগগিরই আইন বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের কাছ থেকে মতামত ও সুপারিশ নেওয়া হবে।”
সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “তথ্য, মতামত, অনুমান এবং বাস্তবতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করাই প্রধান দায়িত্ব। বিশেষ করে আইন বিষয়ক সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাই একমাত্র মানদণ্ড হওয়া উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আইনজীবী নাসির উদ্দিন অসীম, শিশির মনিরসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।