Published : 08 Jul 2026, 07:32 PM
দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদে বুধবার বিকালে কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।
টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে প্রত্যাশা করি না যে, তারা ভালো কিছু দিতে করতে পারবে। পর্যায়ক্রমিকভাবে তাদের সন্মানি বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করবো।”
শিক্ষকদের সন্মানি বাড়ানোর প্রয়োজনের কথা তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকদের তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ডারি জবে অথবা কৃষি কাজে যেতে হয়। তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়।
“মাধ্যমিকের স্কুলের ক্ষেত্রেও আমরা দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজ যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেজন্য শিক্ষকদের সম্মানি বাড়ানো প্রয়োজন বলে মনে করি।”
চলতি অর্থবছরে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ শিক্ষাখাতে দেওয়ার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একইসঙ্গে তাদের স্কুল ব্যাগও দেব।”