০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

উপসর্গ ও নিশ্চিত হামে ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 04:30 PM

Updated : 03 Oct 2026, 04:42 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে ৪৩ জনের শরীরে।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০২০ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সেই হিসেবে হামে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

বুলেটিনে আরো বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ১৩ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে এক হাজার ৩ জন ভর্তি হয়েছে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৪৯, রাজশাহীতে ২৫ ও রংপুরে ৩৩ জন।

বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

এদিকে হাম উপসর্গে রোগীর সংখ্যা দাড়াল ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন। যার মধ্যে ২১ হাজার ৬৬৬ জন রোগীর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।