১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০৮৫ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 08:56 PM

Updated : 17 Oct 2026, 08:56 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০৮৫ জনে।

আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০৪ জনের। সেই হিসাবে হামে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯০ জন।

এছাড়া চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৩, বরিশালে ৬৫, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ৯৫০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে ৮৩৭ জন ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯২ জন, চট্টগ্রামে ২১০, সিলেটে ১২৫, বরিশালে ৬০, খুলনায় ৫৯, ময়মনসিংহ ৪৪, রাজশাহীতে ১৯ ও রংপুরে ২৮ জন।

বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাড়াল ২ লাখ ১১ হাজার ৯৯০। যার মধ্যে ২৩ হাজার ৫৭ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।