Published : 04 Jan 2026, 02:35 PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের সহযোগী মো. জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “সৈয়দ আবেদ আলী জীবনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে জনাব মো. জাকারিয়া রহমান একজন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি (জাকারিয়া) একজন সরকারী কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত এবং তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।”
এই পরিস্থিতিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেওয়া জরুরি বলে তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়।
জাকারিয়া ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে।
প্রশ্নফাঁসের ঘটনায় ২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। গত ৫ জানুয়ারি পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ছাড়াও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা করে দুদক।