Published : 21 Jul 2026, 09:59 PM
গুলশানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ‘বাসার ছাদ থেকে পড়ে’ এক গৃহকর্মীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গুলশান ২ নম্বরের ৮৪ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে গুলশান থানার ওসি দাউদ হোসেনের ভাষ্য।
ওই শিক্ষকের নাম সাবিতা রেজোয়ানা, তিনি অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক। নিহত গৃহকর্মীর নাম স্বপ্না (২০)।
মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি দাউদ হোসেন বলেন, "মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে প্রথমে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
মরদেহটি মর্গে নিয়ে যান গুলশান থানার কনস্টেবল সাগর আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
হাসপাতালের নথি অনুযায়ী, স্বপ্নার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে। তার বাবা মো. সাদেক এবং মা মোছা. এলেনা।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক সাবিতা রেজোয়ানা রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।