পুলিশ সপ্তাহ রোববার থেকে, পদক পাচ্ছেন ১০৭ জন
এবছর মোটাদাগে ছয়টি দাবি তুলে ধরবেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।
কৃতিত্বপূর্ণ কাজের জন্য এবার পুলিশ সপ্তাহে পদক পেতে পাচ্ছেন বাহিনীর ১০৭ সদস্য।
রোববার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগের বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকররা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহর জন্য।
তবে নির্বাচনের ডামাডোলে শীতের পুলিশ সপ্তাহ এবছর গিয়ে ঠেকেছে গ্রীষ্মে। এবার পুলিশ সপ্তাহ উপলক্ষে চারদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
প্রতি বছরই পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবি-দাওয়া তুলে ধরে পুলিশ। এই বছর মোটাদাগে ছয়টি দাবি তোলার কথা জানাচ্ছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।
এর মধ্যে রয়েছে—দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস, সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পুলিশের সুস্থ দেহ ও মন এবং ক্রীড়া সক্ষমতা বাড়াতে পদক্ষেপ এবং এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা।
