Published : 26 Dec 2024, 10:07 PM
‘চাচাকে বাবা সাজিয়ে’ মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি করেন কমিশনের উপসহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, বিবাদী কামাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি নওগাঁর আত্রাইয়ে ইউএনও হিসেবে কর্মরত।
মামলার এজাহারে বলা হয়েছে, “কামাল হোসেনের বাবার নাম আবুল কাশেম; মায়ের নাম হাবীয়া খাতুন। কিন্তু কামাল হোসেন তার কাগজপত্রে চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব এবং চাচি সানোয়ারা খাতুনকে বাবা-মা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সুবিধা নেন
“তিনি এসএসসি, এইচএসসি এবং উচ্চশিক্ষা পর্যন্ত সব সনদে চাচা-চাচির নাম ব্যবহার করেছেন। এছাড়া জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রেও চাচা-চাচির নাম বসিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি পাওয়া ও অন্যান্য সুবিধা নিতে এই প্রতারণা করেছেন তিনি।”
এজাহারে বলা হয়, “কামাল হোসেন নবম শ্রেণি থেকে চাচাকে পিতা এবং চাচিকে মাতা হিসেবে রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত করেন।
“এভাবে ধাপে ধাপে জালিয়াতির মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে প্রশাসন ক্যাডারে চাকরি পান।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউএনও কামাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।