Published : 02 May 2026, 06:19 PM
হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৪১ হাজার ৬২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন; আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাত ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭ হাজার ৫৫৮ জন সৌদি আরবে পৌঁছেছেন।
১০৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পোঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন ও ফ্লাইনাস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রীকে পৌঁছে দিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে সাতজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় পাঁচ জন এবং মদিনায় দুই জন মারা গেছেন। এদের সবাই পুরুষ।
সবশেষ শামসুল আলম নামে ৬৩ বছর বয়সী একজন হজযাত্রী গত ২৮ এপ্রিল সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় মারা যান।
তিনি রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম ও মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব যান।
বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারার বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় বলছে, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম।
সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর বুধবার ফজর নামাজ শেষে মদিনার জান্নাত-আল বাকিতে তাকে সমাহিত করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালে হজে গিয়ে ৪৮ জন হজযাত্রী মারা গিয়েছিলেন। এর আগের বছর মৃত্যু হয় ৬৫ জনের।
২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। ৩০টি লিড এজেন্সি এ বছর বাংলাদেশ থেকে হজ কার্যক্রম পরিচালনা করছে।
১৮ এপ্রিল থেকে শুরু হওয়া প্রাক-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২১ মে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।