Published : 09 Nov 2025, 08:22 PM
এমপিওভুক্তির দাবি নিয়ে সচিবালয়ের দিকে যাওয়া শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাব থেকে থেকে পদযাত্রা করলে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের তারা সরিয়ে দেয়।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষকদের দাবি।
‘ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ এর সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিকালে দাবি দাওয়া জানাতে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। জাতীয় প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ।
“কিছুক্ষণ পরেই আমাদের ওপর লাঠি হাতে হামলা চালানো হয়। সাউন্ড গ্রেনেড ও জলকামানের মুখে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান।”

এ ঘটনায় তিনজনকে ‘গুরুতর আহত’ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেন মুনিমুল হক।
“কয়েকজন সিটি স্ক্যান করছেন, আর অন্যরা চোট পেয়েছেন,” যোগ করেন তিনি।
স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি করছেন আন্দোলনকারী শিক্ষকরা। এ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ২৩ ফেব্রুয়ারি থেকে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। ১৭ দিন অবস্থানের পর ১২ মার্চ তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সেদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া এমপিওভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস পাওয়ার কথা তুলে ধরে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে ২ নভেম্বর থেকে আবারও তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। ৩ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার সচিবালয় অভিমুখে পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর অধ্যক্ষ মুনিমুল হক বলেন, “আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। একবার আশ্বাসে আমরা ফিরে গেছি। এমপিওভুক্তির আদেশ ছাড়া আমরা ফিরব না।
“আমরা অনশন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে।”
তিনি বলেন, “গত রমজান মাসে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ১৭ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় শিক্ষকদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্তির আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
“সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানাই। তা নাহলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব।”