Published : 17 Nov 2025, 12:08 AM
ঢাকার কারওয়ানবাজার ও বাংলামোটরে হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে; এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ, অগ্নি-সংযো ও ককটেল বিস্ফোরণের মধ্যে এ দুটি ঘটনা ঘটলো।
এদিন রাত ১০টার দিকে ঢাকার সেন্ট্রাল রোডে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও।
কারওয়ানবাজারে ককটেল বিস্ফোরণ ঘটে সার্ক ফোয়ারার পাশে; সন্ধ্যা সাড়ে ৭টা দিকে।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। এতে কেউ হতাহত হয়নি।
কারওয়ান বাজারের ঘটনার কিছু সময় পরে বাংলামোটর মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে সোমবার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা করা হবে।
মামলার বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এর মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
এ রায় ঘিরে সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
এছাড়া রায় সামনে রেখে কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ ও সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে।