Published : 24 Mar 2026, 08:17 PM
রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর অংশ হিসেবে ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ‘ঢাকা শহরের যারজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক বিশেষ সভায় মোট ৯টি সিদ্ধান্ত হয়েছে বলে সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।
“তিনি ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার কথা বলেছেন। কীভাবে যানজট সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে আজকের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।”
বৈঠকে সিদ্ধান্ত হয়, ঢাকার ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশনের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যালের অটোমেশন করা হবে।
যানজট নিরসনে ঢাকা শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকায় যত্রতত্র যেসব বাস কাউন্টার রয়েছে, সেগুলো অপসারণ করা হবে। ঢাকা মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল অতিদ্রুত সরিয়ে শহরের বাইরে স্থাপন করা হবে। এই পাঁচটি বাস টার্মিনাল ‘সিটি সার্ভিসের’ জন্য চালু করা হবে।
রাস্তার দুপাশের সড়ক দখলমুক্ত করার এবং রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকলে সেগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে সভায়।

সিদ্ধান্ত হয়েছে, ঢাকা শহরের ভেতরে রেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে। সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে।
ঢাকার অধিকাংশ ফুটব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি শহরের হাসপাতাল এলাকায় ফুটব্রিজে দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট স্থাপন করা হবে।
রুমন বলেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক।
এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করতে বিএনপির সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুল সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।