Published : 27 Feb 2026, 03:36 PM
ছুটির দিনের দুপুরে সাতক্ষীরার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, যা অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গেও।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস বলছে, শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।
বাংলাদেশের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকায়।
সাতক্ষীরা জেলা সদর থেকে ওই এলাকা ২৯ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। আর ভারতের পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ দশমিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্বে।
মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
যেসময় কাঁপুনি শুরু হল, তখন অনেক মসজিদে জুমার নামাজ চলছিল। বাসায় যারা ছিলেন, তারাও অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গেও বেশ ভালো কাঁপুনি অনুভূত হওয়ার কথা জানিয়ে এনডিটিভি লিখেছে, কলকাতায় অনেকেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। তবে সেখানেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।
এর আগে গত বুধবার রাতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।