Published : 21 May 2026, 02:04 AM
রাজধানীর বনশ্রীর একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে তাকে ‘ধর্ষণ’ করা হয়েছিল।
শিশুটিকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একই মাদ্রাসার জ্যেষ্ঠ এক ছাত্রকে আসামি করে মামলা করেছে শিশুটির পরিবার।
নিহত শিশুটি মাদ্রাসার আবাসিক ছাত্র আব্দুল্লাহ হিফজ বিভাগে পড়ত। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার রাতে রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একই মাদ্রাসার জ্যেষ্ঠ একজন ছাত্রকে আসামি করে মামলা করেছে তার পরিবার। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর সড়কের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র তৃতীয় তলার বাথরুম থেকে গলায় গামছা পেছানো অবস্থায় আব্দুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তার শরীরের কোথাও কোনও জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়ার কথা মরদেহের সুরতহালে লিখেছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া পুলিশের একজন কর্মকর্তা বলেন, অভিযোগ ওঠা ছাত্র বিভিন্ন সময় প্রয়াত শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছে বলে পরে ছাত্রদের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ। শিশুটির পায়ুপথে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। অভিযোগ ওঠা ছাত্রটি মঙ্গলবার বিকালে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে চলে গেছে বলে জানানো হয়েছে।