Published : 22 Apr 2026, 03:24 PM
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে রদবদলের ধারাবাহিকতায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পেল ঢাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
অন্যদিকে, ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
ফরিদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি।
২০০৬ সালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রথম যোগদান করে কর্মজীবন শুরু করেন ফরিদা খানম।
তিনি চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ফরিদা খানমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরে শীর্ষ পদে পদায়ন, রদবদল শুরু করেছে। গেল মার্চেও দুই দফায় ১৬ জেলার ডিসি পদে রদবদল আনা হয়।