১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ‘প্রসিকিউটোরিয়াল’ উপদেষ্টার দায়িত্ব পেলেন সমাজী

এক বছরের জন্য এই আইনজীবীকে বেছে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 12:22 AM

Updated : 26 Aug 2026, 11:09 AM

আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

এক বছরের জন্য তাকে এ পদে বেছে নিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে সরকার পরিবর্তনের পর গত ২৭ অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যেষ্ঠ আইনজীবী সমাজীকে। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।

এর সাড়ে তিন মাস পর আবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের ‘বিশেষ উপদেষ্টার’ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে।  

এতে বলা হয়, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারী প্রতিষ্টান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

এর আগে পিপির দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায় ২৯ অগাস্ট ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দেন তিনি।

চিঠিতে সমাজী তার নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেছিলেন, “ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে প্রায় ৩৮ বছর ধরে পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করতে অপারগ।”