১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাতা-রেশনিংয়ের দাবিতে অর্থ উপদেষ্টার দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা

“১০ দিন পর দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামব,” বলেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ সভাপতি।

ভাতা-রেশনিংয়ের দাবিতে অর্থ উপদেষ্টার দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা
সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের দপ্তরের সামনে অবস্থান নেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 07:57 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের দপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার দুপুর আড়াইটা থেকে তারা এক ঘণ্টা অবস্থান নেন। পরে কর্মচারীদের একটি প্রতিনিধি দলকে ডেকে অর্থ উপদেষ্টা ১০/১২ দিনের মধ্যে দাবি পূরণের চেষ্টার আশ্বাস দিলে তারা চলে যান।

তবে ওই সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’ এর সভাপতি মো. বাদিউল কবীর।

তিনি বলেন, “সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সমাবেশ, আবেদন-নিবেদন, ব্যক্তিগত যোগাযোগসহ সবকিছু নিয়ে আমরা আলোচনা চেষ্টা করেছি। বিভিন্ন মহলে কথা বললেও সেটা সে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। উপদেষ্টা মহোদয় পর্যন্ত সে আলোচনায় পৌঁছাননি।

“আজকে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। উপদেষ্টা মহোদয় বলেছেন, সচিব তো আমাকে এ বিষয়ে জানাননি। আমি আপনাদের সব কথা শুনেছি। আমাকে একটু সময় দিন ১০ থেকে ১২ দিন। আমি এ বিষয়টা কেবিনেটে তুলব৷”

বাদিউল কবীর বলেন, “খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে সুপারিশ পর্যন্ত পাঠিয়েছে। অথচ সচিবসহ তার পুরো টিম কর্মচারীদের তাদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। উপদেষ্টা মহোদয় আমাদের কাছে ১০ দিনের সময় চেয়েছেন৷ আমরা সে সময়টা দেব৷ ঠিক ১০ দিন পর আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামব।”