Published : 13 Jul 2025, 03:09 PM
ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।
হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) রোববার একদিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে। তাতে একাত্মতা ঘোষণা করে কর্ম বিরতিতে রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন নাদিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। বিষয়টি নিয়ে তারা কলেজের অধ্যক্ষের কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের দাবি পূরণের বিষয়ে কোনো আশ্বাস পাননি।
“আমাদের ক্যাম্পাস এমন একটা ক্যাম্পাস যেখানে বহিরাগত কে বা ছাত্র কে তা বোঝার কেউ নাই। এখানে প্রচুর বাইরের লোকজন এসে ঘোরাফেরা করে। আমরা গতকাল প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। কিন্তু কোনো আশ্বাস পাইনি। এজন্য ক্লাস বর্জন করছি। আর ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতি পালন করছেন।”
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের কেউ আজ ক্লাসে আসেনি। তারা ক্লাস বর্জন করেছে। তবে শাটডাউন করেছে এমন কথা আমাকে কেউ বলেনি। আমি এ ধরনের বিষয় জানিও না।”
গত বুধবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে, মাথা থেঁতলে হত্যা করা হয়। ৩২ বছর বয়সী সোহাগ মিটফোর্ড এলাকায় পুরনো তার কেনাবেচার ব্যবসা করতেন। তার বাড়ি বরিশালে।
নৃশংস ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তা বাড়ানোসহ কিছু দাবি নিয়ে তারা শনিবার হাসপাতালের পরিচালকের কাছে গিয়েছিলেন। কিছু দাবি পূরণ হয়েছে, বাকি দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন তারা।
“ডিরেক্টর স্যার বলেছেন তিনি ব্যবস্থা নেবেন। সে হিসেবে আজ হাসপাতালের সামনের সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন। বাকি দাবি আদায়ে আমরা আজ কর্মবিরতি পালন করছি। আজ সন্ধ্যায় আমরা বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাব।”
৮ দফা দাবি
নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি ২৩০ জন ইন্টার্ন চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে রোগীদের সেবা দেন। তারা জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মরত আছেন।