১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানে হতাহত: আইনি সুরক্ষা চেয়ে উকিল নোটিস

নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়েছে নোটিসে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 05:18 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের জন্য আইনি সুরক্ষা চেয়ে নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। 

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইলিয়াছ আলি মণ্ডল সোমবার সরকারকে এ নোটিস পাঠিয়েছেন। 

নোটিসে তিনি বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার রক্ষায় ১৯৯০ ও ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে এদেশের ছাত্র ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে। ওই সময় বহু মানুষ নিহত ও আহত হন। 

নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের স্বীকৃতি, সুরক্ষা, মর্যাদা ও সহায়তা দেওয়ার দাবি জানিয়ে তিনি মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব এবং সংসদ সচিবালয় সচিবকে এ নোটিস দিয়েছেন।   

নোটিসে এই আইনজীবী এ দুই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা; বিচারিক ও প্রাতিষ্ঠানিক ‘বৈষম্য’ দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের জন্য ‘ন্যায়বিচারের সমান সুযোগ’ নিশ্চিত করার দাবি জানান।

নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা দেওয়ার দাবিও জানানো হয় নোটিসে। 

এ ছাড়া এসব হতাহতের ঘটনায় দায়ীদের বিষয়ে যথাযথ তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবী ইলিয়াছ।

এসব বিষয়ে ‘দ্রুত দৃশ্যমান ও কার্যকর’ পদক্ষেপ গ্রহণ না করলে হাই কোর্ট বিভাগে রিট আবেদনসহ ‘যথাযথ আইনি ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।