১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার সাবেক পিপি আবদুল্লাহ আবু পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ সরকারের সময় সাড়ে ১৫ বছর সরকারি কৌঁসুলির দায়িত্বে ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 02:15 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের তরফে সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন৷

এতে বলা হয়, বিচারকদের যোগসাজশে আবদুল্লাহ আবুর বিরুদ্ধে সোনা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করে দিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, আবদুল্লাহ আবু ও অন্যরা দেশ থেকে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।

২০০৯ সালের ২৮ জানুয়ারি থেকে টানা ১৫ বছর ৭ মাস ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন, আর এহসানুল হক সমাজী একই অনুষদের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। 

রাজনৈতিক পটপরিবর্তনের পর আবদুল্লাহ আবুকে আর আদালতে দেখা যায়নি। বর্তমানে প্রধান পাবলিক প্রসিকিউটরের দায়িত্বে রয়েছেন আইনজীবী ওমর ফারুক ফারুকী।

আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিলনতুন পিপি সমাজী