Published : 01 Jun 2026, 08:17 PM
ঈদের পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার মধ্যে দায়িত্ব থেকে সরানো সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘অসদাচরণের অভিযোগে’ তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব পদমর্যাদার ওই দুই কর্মকর্তা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।
বর্জ্য অপসারণের কাজে গাফিলতির অভিযোগে সরকারপ্রধানের নির্দেশে তাদের সেদিনই প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছিল।
ঈদের ছুটির পর প্রথমদিন সোমবার তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, তাদের বিরুদ্ধে ‘অসদাচরণের অভিযোগে’ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন। সাময়িক বরখাস্তকালে তারা খোরপোশ ভাতা পাবেন।
কোরবানির ঈদের পরে দিন দুপুরে পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার মধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেদিন তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসা থেকে তিনি রামপুরা, মালিবাগ ও বাসাবো হয়ে কমলাপুরের দিকে চলে যান। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাই খাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি তিনি দেখেন।
ওই সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ নির্দেশনা নিয়ে ওইদিন মীর শাহে আলম বলেন, “তাদের অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
পরে নির্দেশনা অনুযায়ী তাদের অপসারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়; এর তিনদিনের মাথায় তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
আরও পড়ুন:
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণ করতে চায় ঢাকার দুই সিটি করপোরেশন