নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’, সরকারি দুই কর্মচারীসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট তাদের গ্রেপ্তার করে।
নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশগ্রহণের অভিযোগে দুই সরকারি কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) ও জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)।
এদের মধ্যে নুরন্নবী ও সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২ এর বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত বলে সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলফিকার আলী বর্তমানে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে একই চক্রের মোট ছয় সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
