Published : 01 Mar 2026, 08:34 PM
ক্ষমতাগ্রহণের দুই সপ্তাহের মধ্যে বিএনপি সরকার আরেকজন সচিবকে সরিয়ে দিয়েছে।
রোববার এক আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিন পাঁচ জেলার ডিসিকেও প্রত্যাহার করা হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে গেল ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার শপথ নেয়।
সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে গেল ২৩ ফেব্রুয়ারি তিন সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
পৃথক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
তার এক সপ্তাহ পর স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদকে সরানো হল।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার।
সেই জায়গায় সাবেক অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়, যাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠিয়েছিল।
ভোটের চার মাস আগে মাঠ প্রশাসনের ব্যস্ততার মধ্যে জনপ্রশাসন সচিবের পদ থেকে মোখলেসুর রহমানকে সরানো হলে মো. রেজাউল মাকছুদ জাহেদীর নামও এ পদের জন্য জমা পড়ে প্রধান উপদেষ্টার দপ্তরে।
তবে তিনি এ দায়িত্ব না পেলে শেষতক স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে যান।
নতুন সরকার ক্ষমতায় বসে প্রশাসন ঢেলে সাজাচ্ছে তাদের মতো করে।
প্রথম দফায় তিন সচিবকে সরানোর পর ওইদিনই চুক্তিভিত্তিক থাকা নয় সচিবের চাকরি যায়।
পরে আওয়ামী লীগ সরকার পতনের পর পিএসসি সচিবালয়ে সচিবের দায়িত্ব পাওয়া মো. সানোয়ার জাহান ভূঁইয়া মাঝে শ্রম মন্ত্রণালয়ে ঘুরার পর আবারও তাকে আগের দপ্তরে ফেরানো হয়।
পিএসসি সচিবালয়ে দায়িত্ব সামলানো মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়।
পাঁচ ডিসিকে প্রত্যাহার
রোববার এক আদেশে পাঁচ জেলার ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যাস্ত করেছে সরকার।
তারা হলেন-গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ।
অন্তর্বর্তী সরকারের সময়ে পদায়ন করা ডিসিদের মধ্যে এই প্রথম পাঁচজনকে মাঠ প্রশাসন থেকে তুলে আনা হল।