Published : 04 Sep 2026, 04:27 PM
রাজধানীর পথকুকুরকে জলাতঙ্কের টিকাদান এবং সহজে শনাক্তের জন্য গলায় কলার পরানো কর্মসূচি শুরু হয়েছে।
গুলশান সোসাইটির সহযোগিতা এ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্ট (ডিএডব্লিউএটি)।
শুক্রবার সকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এলাকায় পথকুকুরদের টিকাদান ও কলার পরানোর মাধ্যমে তারা কাজটি শুরু করেছে।
পর্যায়ক্রমে পুরো রাজধানীর পথকুকুরকে টিকাদান ও কর্মসূচির আওতায় আনার কথা জানিয়েছে আয়োজক সংগঠন দুটি।
এ কর্মসূচি উদ্বোধন করেন গুলশান সোসাইটি ও ডিএডব্লিউএটির সভাপতি ওমর সাদাত এবং ডিএডব্লিউএটির মহাসচিব নাজনীন হক আকবর।
উদ্বোধন অনুষ্ঠানে ওমর সাদাত বলেন, “টিকাদান প্রাণী ও মানুষ- উভয়ের সুরক্ষায় সহায়তা করবে। কলার পরানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা টিকাপ্রাপ্ত কুকুরগুলোকে সহজে শনাক্ত করতে পারবেন।”
পথকুকুরকে নগর সমাজের অংশ বলে তুলে ধরেন তিনি।
ওমর সাদাত বলেন, “একটি মানবিক শহর কুকুর-বিড়ালের প্রতি ভয় বা নিষ্ঠুরতার মাধ্যমে প্রতিক্রিয়া জানায় না, বরং দায়িত্ব ও বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সাড়া দেয়।”
নগরবাসীকে প্রাণীদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান নাজনীন হক আকবর।
এ সময় অন্যদের মধ্যে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা ও যুগ্ম মহাসচিব জয়া কবীর উপস্থিত ছিলেন।