১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আদাবর থেকে নিখোঁজ শিশুর সন্ধান মিলেছে নওগাঁয়, গেছে ‘স্বেচ্ছায়’

পুলিশ বলছে, মেয়েটি স্বেচ্ছায় এক কিশোরের সঙ্গে ‘পালিয়ে যাওয়ার’ পর নওগাঁয় তাদের বাড়িতেই আছে।

আদাবর থেকে নিখোঁজ শিশুর সন্ধান মিলেছে নওগাঁয়, গেছে ‘স্বেচ্ছায়’
আদাবরের টোকিও স্কয়ারের সামনের একটি ক্যামেরার ভিডিওতে মেয়েটিকে শেষবার দেখা গেছে বলে পুলিশ জানিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

ঢাকার আদবর এলাকায় ‘রাস্তা পার হওয়ার সময় নিখোঁজ’ ১১ বছরের মেয়েটির সন্ধান মিলেছে নওগাঁয়।

স্বেচ্ছায় এক কিশোরের সঙ্গে ‘পালিয়ে যাওয়া’ মেয়েটি বর্তমানে ওই কিশোরের পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানিয়েছেন আদাবর থানার ওসি এস এম জাকারিয়া।

মঙ্গলবার দুপুরে তিনি বলেন, “এক ছেলের সঙ্গে সে স্বেচ্ছায় পালিয়ে গেছে, যেটি সিসিটিভি ভিডিওতে দেখা গিয়েছিল। এখন সে ওই ছেলের বাড়িতেই রয়েছে।

“আমরা এখনও তাকে হাতে পাইনি, মেয়ের বাবাসহ পরিবার সেখানে যাচ্ছে। তারা পৌঁছানোর আগে আমাদের কাছে দিতে ছেলের পরিবারকে মানা করেছেন মেয়ের বাবা। এখন মেয়ের পরিবারই ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের মত দেখছেন।”

১১ বছর বয়সী মেয়েটির সন্ধান চেয়ে সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।

“রোববার সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় আমার মেয়ে। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে পেছনে ফিরে দেখে সে নেই। নেই তো নেই।”

মেয়েটির বাবা বলেন, “আমরা আদাবর থানায় সন্ধ্যায় জিডি করলাম। এখন পুলিশ বলছে তারা চেষ্টা করছে।”

পুলিশের এক কর্মকর্তা তখন বলেন, তারা টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিওতে মেয়েটিকে দেখতে পেয়েছেন। সেখানে মেয়েটির ফুফাত ভাই ছাড়া আরেকজন ছিল।

“তারা হাঁটতে হাঁটতে ওই ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ আরও ভিডিও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।”

শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইসবুকেও ছড়িয়ে পড়ে। অনেকেই তার সন্ধানে সহযোগিতা চেয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছিলেন।

পুরনো খবর

রাজধানীতে ১১ বছরের শিশু নিখোঁজজিডি