Published : 04 Feb 2025, 05:41 PM
রাজধানীতে ‘সড়ক পার হওয়ার সময় নিখোঁজ’ ১১ বছরের একটি শিশুর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সোমবার সন্ধ্যায় আদাবর থানায় জিডি করেন ‘নিখোঁজ’ মেয়েটির বাবা।
সন্ধ্যা ৭টার দিকে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, “নিখোঁজের অভিযোগে কিছুক্ষণ আগে জিডি হয়েছে। আমরা মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করছি।”
মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় দুই মাস ধরে ঢাকায় আমার বোনের বাড়িতে আছি।
“রোববার সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সে। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সে নেই। নেই তো নেই।”
মেয়েটির বাবা একটি লঞ্চে চাকরি করেন। তিনি বলেন, “আমরা আদাবর থানায় সন্ধ্যায় জিডি করলাম। এখন পুলিশ বলছে তারা চেষ্টা করছে।”
এদিকে পুলিশের এক কর্মকর্তা বলেন, তারা টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে মেয়েটিকে দেখতে পেয়েছেন। সেখানে তার ফুফাত ভাই ছাড়া আরেকজন ছিল।
“তারা হাঁটতে হাঁটতে ওই ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ আরও ভিডিও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।”
এদিকে শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইসবুকেও ছড়িয়ে পড়েছে। অনেকেই সন্ধান সহযোগিতা চেয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছেন।