১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রূপপুরের অগ্নিকাণ্ড নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আগুনের ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি বলে ভাষ্য কর্তৃপক্ষের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘সীমানার বাইরে’ সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে সেখানকার প্রকল্প কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার রাতে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগুন লেগেছে সীমানা প্রাচীরের বাইরে পরিত্যক্ত কাঠের স্তূপে। খবর পেয়ে প্রকল্পের ফায়ার সার্ভিস ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রকল্পের কোনো ক্ষতি হয়নি।” 

বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছিলেন পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা।

ঘটনার বর্ণনায় প্রকল্প কর্তৃপক্ষ বলছে, পদ্মা ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখতে তৈরি কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণের সময় দুপুর ১২টা ২০ মিনিটে কেন্দ্রের সীমানার বাইরে একটি ছোট আকারের অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে কর্মরত ইমামুল এন্টারপ্রাইজের কয়েকজন শ্রমিক তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকল্পের নিয়ন্ত্রণ কক্ষকে জানায়। 

দ্রুতই প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন এবং গ্রিনসিটি ফায়ার স্টেশনের চেষ্টায় ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনের ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি। প্রকল্পের সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।