Published : 25 Oct 2025, 01:31 PM
ঢাকায় হাই কোর্টের বিপরীত পাশে সড়ক দুর্ঘটনায় অচেনা এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়।
রাত সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান শাহবাগ থানার এসআই হামিদুল ইসলাম।
তিনি বলেন, “আমরা ৯৯৯ এ খবর পেয়ে হাই কোর্ট গেইটের উল্টা পাশের সড়কে ওই নারীকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
“আশেপাশের লোকজন জানিয়েছে, ওই নারী ভবঘুরে, সড়কে ঘটনাস্থলের পাশেই থাকতেন। ধারণা করছি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো মোটরযানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
ওই নারীর পরিচয় শনাক্তে চেষ্টার কথা জানিয়ে এসআই হামিদুল বলেন, “সিআইডির সদস্যরা আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।