২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যান সালাউদ্দিনের জামিন

গত বছরের ২ নভেম্বর পল্টন থানা এলাকায় এস এ পরিবহনের হেড অফিস প্রাঙ্গণে একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুই কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 09:09 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

প্রায় তিন কোটি টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন আহমেদ। 

শুনানি নিয়ে বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান জানান। 

গত বছরের ২ নভেম্বর পল্টন থানা এলাকায় এস এ পরিবহনের হেড অফিস প্রাঙ্গণে একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুই কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।

ওই ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন। সেখানে সালাউদ্দিন আহমেদকেও আসামি করা হয়।

তিনি গত ৬ মে এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হতে চলায় মঙ্গলবার তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 

তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান। শুনানি নিয়ে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে।