বাড্ডায় আসবাবের দোকানে নারীর গলা কাটা লাশ
সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, রাতে এক কর্মচারীর সঙ্গে দোকানে প্রবেশ করেন ওই নারী।
ঢাকার বাড্ডায় একটি আসবাবপত্রের দোকান থেকে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পূর্বাঞ্চল ২৬ নম্বর লেইনের ওই দোকান থেকে আমেনা আক্তার নামের ৩২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ওই দোকানে রাতে একজন কর্মচারী থাকতেন। সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, রোববার রাতে দোকান বন্ধ করে অন্যরা চলে যান।
"পরে দেখা যায়, রাত ৮ টা ১৩ মিনিটের দিকে একজন ওই নারীকে নিয়ে দোকানের এক কর্মচারী ভেতরে প্রবেশ করছেন। পরে সেখানে নারীর মরদেহ মিললেও ওই কর্মচারীকে পাওয়া যায়নি।"
'সন্দেহভাজন' ওই দোকান কর্মচারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, "আমরা নিহতের নাম-পরিচয় পেয়েছি। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।"
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
