২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’

পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে ‘মানসিকভাবে ভেঙে পড়ে’ তিনি ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’
দিপু সুলতান রাসেল।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 01:45 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে রমনা থানার এসআই নাঈম উল ইসলাম জানিয়েছেন।

নিহত দিপু সুলতান রাসেলের (৪২) বাড়ি ঢাকার গেন্ডারিয়া টিএস পোস্ট অফিস এলাকায়। বাবার নাম ইমাম উদ্দিন।

এসআই নাঈম উল ইসলাম বলেন, “রাসেল নিজেই হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে তিনি প্রায় তিনটি সিগারেট খান। কয়েকবার নিচে দিকে তাকান। এরপর ছাদ থেকে লাফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ বলছে, রাসেল ‘মাদকাসক্ত’ ছিলেন। কোনো ‘কাজ করতেন না’। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ছিলেন তিনি। মাদকাসক্তির কারণে তার সঙ্গে স্ত্রীর বিচ্ছেদও হয়। ১১ বছরের একটি সন্তান রয়েছে তার।

পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।