Published : 10 Dec 2024, 10:16 PM
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সোমবার বিকালে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে বাংলাদেশের দায়িত্ব পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।“
২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেল বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।
জাতিসংঘের এ সংস্থা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষায় কাজ করে থাকে। এটির কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করে থাকেন।
ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় গত অক্টোবরে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে কাজের আগ্রহ প্রকাশ করে।
এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদের বিবেচনার জন্য মনোনয়ন দেয়।
ফেইসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, “এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের আরেকটি উদাহরণ। একই সঙ্গে এটি বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিও।”