Published : 15 Apr 2026, 10:00 PM
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বৈঠক চলাকালে মোবাইল ফোনে কথা না বলতে এবং ছবি না তুলতে সংসদ সদস্যদের অনুরোধ করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনার সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা বলার বিষয়টি তোলেন। এরপরই চিফ হুইপ সদস্যদের প্রতি এ অনুরোধ জানান।
এদিন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল মান্নানের বক্তব্য শেষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে আলোচনায় অংশ নিতে ডাকেন ডেপুটি স্পিকার।
হামিদুর রহমান বক্তব্য শুরু করলে ডেপুটি স্পিকার চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদের ভেতরে অনেক সদস্য মোবাইল ফোনে কথা বলছেন, সেই আওয়াজ সভাপতির আসন পর্যন্ত যাচ্ছে।
এতে যারা বক্তব্য রাখছেন বা শুনছেন, তারা বিঘ্নিত হতে পারেন।
এর জবাবে চিফ হুইপ বলেন, “এ কথাটা আপনি বলেছেন, মাননীয় সব সদস্য শুনেছেন। বিষয়টি এখানেই নিষ্পত্তি হতে পারে।”

এরপর তিনি সদস্যদের উদ্দেশে বলেন, “যদি কেউ কথা বলি, বাইরে গিয়ে বলব।”
স্পিকার পর্যন্ত মোবাইল ফোনের কথাবার্তার শব্দ পৌঁছে যাওয়ার বিষয়টি তুলে ধরে নূরুল ইসলাম বলেন, “তার কান পর্যন্ত পৌঁছায়। অনুরোধ করব, কেউ যাতে সংসদ কক্ষে কথা না বলি।”
এ সময় পাশ থেকে এক সদস্যকে মোবাইলে ছবি তোলার বিষয়ও তুলতে শোনা যায়। তখন চিফ হুইপ বলেন, “ছবি উঠানো যাবে না।”
সংসদ কক্ষে শৃঙ্খলা বজায় রাখতে আরেকটি বিষয়ও মনে করিয়ে দেন তিনি।
নূরুল ইসলাম বলেন, “ফ্লোর ক্রস (কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তার সামনে দিয়ে এপাশ-ওপাশ না যাওয়া) হয়। মাননীয় সংসদ সদস্য কথা বলছেন স্পিকারের সঙ্গে। এর মাঝখান দিয়ে আসা-যাওয়া না করা। আসতে হলে পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম।”
তিনি বলেন, “কার্যপ্রণালী বিধিতেও এটাই আছে। বিষয়টিতে দৃষ্টি রাখবেন।”