‘ফ্ল্যাট দুর্নীতি’: টিউলিপকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
তার বিরুদ্ধে গেল ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ দুইজনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন।
মামলার অপর আসামি হলেন-রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপের বিরুদ্ধে গত বছরের ১৫ এপ্রিল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় অভিযোগ করা হয়েছে, গুলশান ২ নম্বরে ওই প্লট হস্তান্তরে ব্রিটিশ এমপি ‘প্রভাব বিস্তার’ করেন এবং সেখানেই ‘ঘুষ’ হিসেবে একট ফ্ল্যাট নেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ‘অপরাধমূলক ষড়যন্ত্র ও ক্ষমতার অপব্যবহারের’ মাধ্যমে ইস্টার্ন হাউজিং থেকে ঘুষ হিসেবে গুলশান ২ এর একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিককে দিতে সহায়তা করেন। তিনি (টিউলিপ) কোনো অর্থ পরিশোধ ছাড়াই ফ্ল্যাটটি গ্রহণ করেন এবং পরে সেটির খতিয়ান ও অনুমোদন পেতে ‘প্রভাব’ খাটান।
এ মামলায় রাজউকের দুই সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেনকেও আসামি করা হয়।
তবে গত বছরের জুলাই মাসে শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে দুদক চেম্বার আদালতে গেলে ‘নো অর্ডার’ দেয়। ফলে এ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যাবে না বলেছে দুদক।
তদন্ত শেষে গেল ১১ ডিসেম্বর টিউলিপ ও সরদার মোশারফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এই অভিযোগপত্র আমলে নিয়ে গেল ১৮ ফেব্রুয়ারি পলাতক থাকায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এরপর গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ‘রেড নোটিশ’ জারির নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, এদিন মামলার আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সেই সংক্রান্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তাদের গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে।
তিনি বলেন, আদালত আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়ে আগামী ২৯ মার্চ প্রতিবেদন জমার পরবর্তী দিন ধার্য করেছে।
এর আগে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দে জালিয়াতির আলাদা তিন মামলায় দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়েছে টিউলিপ সিদ্দিকের।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ৭ লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট ‘উপহার’ পাওয়ার খবর নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক।
