Published : 18 Aug 2026, 10:56 PM
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মেরে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। জখম অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান।
রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার শিকার হন তিনি।
৫৫ বছর বয়সি অধ্যাপক আসাদুর রহমান এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন এ চিকিৎসকের তরফ ঘটনার বিষয়ে কেউ কিছু বলতে রাজী হননি।
গ্রেপ্তার ব্যক্তির বরাতে পুলিশ বলছে, একজন রোগীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে তার বন্ধু ও স্বজনরা এ হামলা করেছেন। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশের ভাষ্য।
অধ্যাপক আসাদুরকে সোমবার রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাশেদুল ইসলাম বলেন, শান্তিনগরে পপুলারের শাখার তিন নম্বর ভবনে ব্যক্তিগত চেম্বার শেষে অধ্যাপক আসাদুর সিএনজি অটোরিকশায় উঠেছিলেন মোহাম্মদপুরের বাসায় যেতে। এসময় ৪/৫ জন লোক অটোরিকশা থামিয়ে দেশি অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে আঘাত লাগে।
তবে কারা কী কারণে এ হামলা চালালো সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি রাশেদুল।
পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, অধ্যাপক আসাদুরের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বলেছেন, একজন রোগীকে ‘ভুল চিকিৎসা’ দেওয়া হয়েছে এমন ক্ষোভ থেকে তারা এ হামলা চালিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তি ওই রোগীর বন্ধু বলে পুলিশের কাছে দাবি করেছেন।
“এটা রোগীর স্বজনদের বক্তব্য। তবে আমাদের মনে হয়েছে এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। আমরা আরও কাজ করছি।”