Published : 14 Jan 2026, 01:31 PM
দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েতুল আলম এবং তার স্ত্রী মিসেস নবীন নাহারের ১৪৮ দশমিক ৫ শতক ফসলী জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর নামে এই ১৪৮ দশমিক ৫ শতক ফসলী জমি আছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এসব জমির মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা।
দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মমিন উদ্দিন জমি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়,” হেদায়েতুল আলম কমিশনে দাখিল কর্ সম্পদ বিবরণীতে ৩১ লাখ ৩৪ হাজার ৭৫৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদানে ৭ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৯৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত এ টাকার অবৈধ আয় স্থানান্তর/হস্তান্তর/রুপান্তরের মাধ্যমে বৈধতা দানের অপচেষ্টা করেন।
“তার স্ত্রী মিসেস নবীন নাহার স্বামীর অবৈধ আয় দ্বারা তার নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে স্বামীকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেন।”
এজন্য তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
তদন্তে দুদক জেনেছে হেদায়েতুল আলম অবৈধভাবে অর্জন করা অর্থ দিয়ে তার নিজ নামে ও তার স্ত্রীর নামে অর্জিত এসব সম্পদ বিক্রি করে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর অথবা রূপান্তর করার চেষ্টা চালাচ্ছেন। ফলে এসব স্থাবর সম্পদ অতিসত্তর জব্দ করা প্রয়োজন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের সংস্থার উপ-পরিচালক মো. আলী আকবর।