১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কর্মস্থলে অনুপস্থিত: গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

লিটন মল্লিক নামে এই উপ-সহকারী প্রকৌশলী গত বছরের ৫ অগাস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও বিভিন্নজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের একজন উপ-সহকারী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলেছে, বরখাস্ত করা উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়িতে গণপূর্তে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) বিভাগে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, লিটন মল্লিক গত বছরের ৫ অগাস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। 

গত বছরের ওই দিনে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 

এছাড়া, বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেছেন লিটন। এছাড়া চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাকে কারাদণ্ডের আদেশ দিয়েছে। এর ভিত্তিতে এ বছরের ৪ মার্চ হতে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সেই সঙ্গে লিটনের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি আইন অনুযায়ী চাকরি হতে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিটনের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে বরখাস্ত করা হয়েছে।