১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ‘গুম-নিপীড়ন’ নিয়ে আইপিইউতে প্রতিবেদন দেবেন মহাসচিব

আইপিইউ মহাসচিবের কাছে ‘রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার’ কয়েকজন সংসদ সদস্য তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 09:46 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

বাংলাদেশে গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘গুম, হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের’ অভিযোগ নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) গভর্নিং বডির কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলেছেন সংস্থার মহাসচিব অ্যান্ডা ফিলিপ। 

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার ‘রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার’ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্ডা ফিলিপ বাংলাদেশে ‘হত্যা, গুম ও বিরোধী মতের মানুষের ওপর নিপীড়নের’ ঘটনাকে অমানবিক ও জঘন্য বলে মন্তব্য করেন। তিনি তার দেশ রোমানিয়ায় নিকোলাই চাউসেস্কুর শাসনামলের দমননীতির সঙ্গে বাংলাদেশের তৎকালীন সরকারপ্রধানের শাসনামলের মিল থাকার কথাও বলেন। সফর শেষে আইপিইউর গভর্নিং বডির কাছে বাংলাদেশে ‘স্বৈরাচারী শাসনামলের গুম, হত্যাকাণ্ড ও নিপীড়ন’ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা জানান তিনি।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিও বৈঠকে ছিলেন।

স্পিকার বৈঠকে বলেন, “শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকদের নিপীড়ন, নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়।

“শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের দমনে গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করা হয়েছিল।”

বৈঠকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তার ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ‘গুম’ হওয়ার ঘটনা তুলে ধরেন।

এ সময় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শিরোনামের একটি ডকুমেন্টেশনও উপস্থাপন করা হয়। 

বৈঠকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান তার ‘গুম হওয়া’ এবং ‘আয়নাঘরে বন্দি জীবনের’ অভিজ্ঞতার কথা বলেন।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী অভিযোগ করেন, তাকে সাত মাস সামরিক গোয়েন্দা সংস্থার একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল। সেখানে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তিনি বৈঠকে তুলে ধরেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তার স্বামী বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়ার প্রসঙ্গ তোলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ইলিয়াস আলীকে ‘গুম করে’ বলেও অভিযোগ করেন তিনি। এসব গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিচার করার প্রত্যয়ও ব্যক্ত করেন লুনা।

বৈঠকে উপস্থিত অন্য সংসদ সদস্যরাও বিগত সরকারের সময়ে রাজনৈতিক নিপীড়ন, গুম ও ভয়ভীতির অভিজ্ঞতা তুলে ধরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে সংসদ সদস্য নওশাদ জমির, জহরত আদিব চৌধুরী, তাহসিনা রুশদীর, মোহাম্মদ নাজিবুর রহমান, আনিসুর রহমান, সানজিদা ইসলাম ও মাধবী মারমা উপস্থিত ছিলেন।