বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৈরি আবহাওয়ার কারণে যে সব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে তারা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংসদে বুধবার বুধবার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বিভিন্ন কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
শিক্ষামন্ত্রী বলেন, “এ অবস্থায় প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কোনো বিষয়ে অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানান তিনি।
"যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হল।"
এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্রের প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, "আমি আবারও আশ্বস্ত করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ৬ ও ৭নং প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।"
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
