১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ সম্পদ’: কাজী নাবিলের বিরুদ্ধে মামলা করবে দুদক

এর আগে গত এপ্রিলে সাবেক এ সংসদ সদস্যের ও তার পরিবারের ৩৬২ একর জমিসহ বাড়ি-ফ্ল্যাট জব্দের আদেশ দেয় আদালত; অবরুদ্ধ করতে বলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগও।

‘অবৈধ সম্পদ’: কাজী নাবিলের বিরুদ্ধে মামলা করবে দুদক
কাজী নাবিল আহমেদ। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত এ সংসদ সদস্যের বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সাত কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামে ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকের ৪৫টি হিসাবে মোট ৫৪ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৯৮৪ টাকা জমা এবং ৫৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলনসহ সর্বমোট ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৮৯ টাকার ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

ক্ষমতার পরিবর্তনের পর থেকে কাজী নাবিল আত্মগোপনে রয়েছেন।

এর আগে গত এপ্রিলে আদালতের নির্দেশে কাজী নাবিল আহমেদ, তার পরিবারের সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির নামে দেশে থাকা জমি ও বিদেশে থাকা বিনিয়োগ জব্দ ও অবরুদ্ধ করা হয়।

আদালতের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে মোট ৩৬২ দশমিক ৪৩ একর জমি, সাতটি ফ্ল্যাট, জমিসহ কয়েকটি বাড়ি জব্দ করা হয়। 

যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে তার ভাই কাজী আনিস আহমেদের বড় অঙ্কের বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশও আসে।